এমচরহাট-লামা সড়ক

সাড়ে তিন কিমি জুড়ে খানাখন্দ!

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এলজিইডির আওতাধীন এমচরহাট-লামা সড়ক একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি ফারেঙ্গা মন্দুলার চর হয়ে লামার দিকে চলে গেছে। সড়কটির লামার দিকের অংশের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশ বেহাল। ফারেঙ্গা মন্দুলার চর থেকে লামার দিকের অংশে কারপেটিং উঠে গিয়ে সড়কটিতে তৈরি হয়েছে হাজারো খানাখন্দ।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। সড়ক না চাষের জমি—চেনা বড় দায়। অসংখ্য ছোটো-বড়ো গর্তে ভরে গেছে সড়কটি। সড়কটির কোনো কোনো স্থানে কাদা জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। শুধু বড়ো গাড়ি নয়, ছোটো গাড়ি নিয়েও যাতায়াত করা যায় না অনেক অংশে। এমনকি হেঁটে যাওয়াও কষ্টকর। বৃষ্টি হলে সড়কটির অবস্থা আরো খারাপ হয়ে যায়। গর্তে পানি জমে থাকে। সড়কটির ব্রাহ্মণপাড়া ও ফারেঙ্গা মন্দুলার চর এলাকার ব্রিজ ভেঙে গেছে। অভিযোগ রয়েছে, বালুবাহী গাড়ি ও গাছবাহী গাড়ি চলাচলের কারণে সড়কটির এমন অবস্থা হয়েছে। আর দীর্ঘদিন ধরে সড়কটির কোনো ধরনের সংস্কার হয়নি। ফলে এ সড়কের যাতায়াতকারীদের দুর্ভোগের সীমা নেই। সিএনজি অটোরিকশা-চালক রুহুল আমিন জানান, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এ সড়কে সিএনজি অটোরিকশা-চালকদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। শেষ কবে সড়কটির সংস্কার হয়েছে তার জানা নেই।

এ সড়কে নিয়মিত যাতায়াতকারী পুঁটিবিলা সড়াইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহছান উল্লাহ জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুলে যেতে খুব কষ্ট হয়। মোটরবাইক নিয়ে কিছু দূর গিয়ে বাইক এক জায়গায় রেখে অনেকটা পথ হেঁটে স্কুলে যেতে হয়।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান জানান, সড়কটির টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। শিগিগরই কাজ শুরু হবে বলে তিনি জানান।