খাগড়াছড়ি জেলার মহালছড়িতে শারদীয় দুর্গাপূজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ উত্সবকে ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার ৬ষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো অনুষ্ঠান শারদীয় দুর্গোত্সব।
এবার উপজেলার দুটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। একটি মহালছড়ি শ্রী শ্রী দক্ষিণা কালীমন্দির প্রাঙ্গণ ও অন্যটি উপজেলার মাইসছড়ি বাজারের জগন্নাথ মন্দিরে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের প্রতিমা এবং মণ্ডপ সাজানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। শিল্পীরা ব্যস্ত প্রতিমা সাজানোতে। অন্যদিকে মাইসছড়ির জগন্নাথ মন্দিরেও পূজার সব প্রস্তুতি শেষ পর্যায়ে।
পূজা উপলক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহালছড়ি দক্ষিণা কালী মন্দিরের শারদীয় দুর্গোত্সব উদযাপন পরিষদের সভাপতি সুনিল কান্তি দাশ। তিনি বলেন, ৬ষ্ঠী পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে বিজয়া দশমী দিনে (মঙ্গলবার) দেবী বিসর্জনের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান, এই পাঁচ দিনে শ্রীমদ্ভগবদগীতা, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পূজা উপলক্ষ্যে পুরো উপজেলায় প্রশাসনের কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। নিরাপত্তার জন্য উপজেলার দুই পূজা মণ্ডপে সার্বক্ষণিক মনিটরিং টিম মাঠে থাকবে, এছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে বলে তিনি জানান।