নোয়াখালীর সেনবাগে জয় চক্রবর্তী (২১) নামে এক কলেজছাত্রের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত জয় চক্রবর্তী বকশিরহাট এলাকার রতন লাল চক্রবর্তীর ছেলে। জয় বেগমগঞ্জের জালাল উদ্দিন ডিগ্রি কলেজের ব্যবসা শিক্ষা শাখার একাদশ শ্রেণির ছাত্র।
নিহতের ভাই সঞ্জয় চক্রবর্তী স্থানীয় সাংবাদিকদের জানান, উপজেলার বিজবাগ ইউনিয়নের বকশিরহাট বাজারে ‘বসুন্ধরা ডিজিটাল স্টুডিও’ নামে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে জয় তার বাবাকে দোকানের চাবি বুঝিয়ে দিয়ে রাতে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়। বুধবার দিবাগত রাতে পরিবারের লোকজন তাদের দোকানে গিয়ে বাইরের তালা দেখতে না পেয়ে সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে জয়ের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ইত্তেফাককে জানান, ধারণা করা হচ্ছে দোকানের ভেতর অতিরিক্ত নেশা করাতেই জয়ের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের লোকজনও এটা সন্দেহ করছে। লাশ উদ্ধারের সময় বেশ কিছু নেশাজাতীয় দ্রব্য পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নোয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে।