গাইবান্ধায় আগ্নেয়াস্ত্রসহ আটক দুই ডাকাত কারাগারে

গাইবান্ধায় আগ্নেয়াস্ত্রসহ আটক দুই ডাকাতকে বৃহস্পতিবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের জেলা ডিবি (গোয়েন্দা) পুলিশ আটক করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ডাকাতির কাজে ব্যবহূত ছয় রাউন্ড গুলিসহ একটি রিভলভার ঐ রাতেই উদ্ধার করা হয়।

আটকরা হলো, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের মৃত. মোসলেম উদ্দিনের ছেলে মজনু মিয়া ও একই উপজেলার পার্শ্ববর্তী অনন্তপুর গ্রামের মোকলেছ মিয়ার ছেলে মোহাব্বত আলী ওরফে গাদু।

জেলা ডিবি পুলিশ কর্মকর্তা মোস্তাফিজার রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁসিতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক রাতেই মজনুর বাড়ির ঘরের মেঝে খনন করে গুলি ও রিভলভার উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ নিয়ে থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে সাঘাটাসহ জেলার বিভিন্ন থানায় সড়ক ডাকাতির একাধিক অভিযোগ ও মামলা আছে।