তাড়াশে মামার হাতে ভাগনে খুন!

তাড়াশে পূর্ব শত্রুতার জেরে মামার হাতে তার ভাগনে আব্দুল জাব্বারকে (১৩) খুনের অভিযোগ উঠেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মাধাইনগর ইউনিয়নের সরাপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, সপ্তাহখানেক আগে ঐ গ্রামের মৃত লইমুদ্দীন শেখের ছেলে মোহাম্মদ আলী শেখের সঙ্গে তার ভগনিপতি (আব্দুল জাব্বারের পিতা) রবিউল ইসলামের হাঁস পালন নিয়ে ঝগড়াবিবাদ হয়। এরই জেরে বৃহস্পতিবার জাব্বারের বাবা-মার অনুপস্থিতে মামা মোহাম্মদ আলী শেখ তাদের শোবারঘরে ঢুকে বাঁশের লাঠি দিয়ে ভাগনে জাব্বারকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে বিকালে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়ার পথে জাব্বার মারা যায়।

এদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী শেখ ও তার পরিবারের সবাই পলাতক থাকায় কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।