কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশের দক্ষিণের জেলা সাতক্ষীরা। এখানে লবণাক্ততার প্রভাব আছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এখানে আরো লবণাক্ততা বাড়ছে। তারপরেও আমাদের কৃষি গবেষকরা উচ্চ ফলনশীল গ্রীষ্মকালীন টম্যাটো জাত উদ্ভাবন করে সাফল্য পেয়েছেন। কৃষকরা এটা চাষ করে সফলতার মুখ দেখেছেন। টম্যাটো চাষ খুবই লাভজনক চাষিদের সঙ্গে কথা বলে জেনেছি। আমাদের যুব সমাজ বিপদগামী হয়ে যাচ্ছে, মাদকাসক্ত হয়ে পড়ছে। দলের নামে ক্যাসিনো গড়ে তুলছে। সে সকল দুর্বৃত্তদের এই টম্যাটো খেতে নিয়ে আসা উচিত। তাদের ক্যাসিনো ছেড়ে টম্যাটো চাষে আসা উচিত।
বৃহস্পতিবার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের কয়েকটি গ্রীষ্মকালীন টম্যাটো খেত পরিদর্শন করেন মন্ত্রী। পরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টম্যাটোর মাঠ দিবস উপলক্ষ্যে কবি নজরুল বিদ্যাপীঠ মাঠে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।