রায়গঞ্জে অগ্নিকাণ্ডে তিন বাড়ি ভস্মীভূত

রায়গঞ্জে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর বাড়ি ভস্মীভূত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঐ গ্রামের পাইকারি তুলা ব্যবসায়ী জহুরুল ইসলাম ও তার ভাই আবু তালেব এবং আব্দুল্লাহর বসতবাড়ির রান্নাঘর, গাছপালা, বাড়িতে রক্ষিত মালামাল ও সকল আসবাবপত্রসহ মোট চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোয়ানরা ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জহুরুল ইসলাম, তার অপর দুই ভাই ও তার নিকটতম প্রতিবেশীরা জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত্ সমিতির ভুঁইয়াগাতী জোনাল অফিসের স্থানীয় কর্মীরা অগ্নিদগ্ধ বৈদ্যুতিক মিটারগুলো খুলে নিয়ে গেছেন।

ভুঁইয়াগাতী জোনাল অফিসের ডিজিএম মো. আব্দুল কুদ্দুস বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইমরুল হোসেন তালুকদার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।