দিল্লিতে জইশ-ই-মহম্মদের ৪ সন্ত্রাসবাদী সতর্কতা জারি

ভারতের গোয়েন্দা সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী জানিয়েছে পাকিস্তানভিত্তিক জইশ-ই-মহম্মদের চার সন্ত্রাসবাদী দিল্লিতে প্রবেশ করেছে এবং উত্সবের সময়েই সেখানে হামলা চালানোর পরিকল্পনা করছে। ঐ চার সন্ত্রাসবাদীই সশস্ত্র বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, রাজধানীতে সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে গত (বুধবার) সন্ধ্যায় দিল্লি পুলিশের একটি বিশেষ সেল একটি সতর্কবার্তা পায়। এই সতর্কতার পরেই দিল্লি জুড়ে চিরুনিতল্লাশি শুরু হয়েছে। বিশেষত দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ঐ সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি চলছে। নিরাপত্তা সংস্থাগুলো জানতে পেরেছে যে ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তি করা এবং রাজ্যটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যেই ঐ সন্ত্রাস হামলার ছক কষা হয়েছে।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে লক্ষ্য করে হামলা চালাতে পারে সন্ত্রাসবাদীরা, এই পরিকল্পনার আগাম আভাস পেয়ে আগেই সতর্কবার্তা জারি করা হয়েছিল। সন্ত্রাসবাদীরা ৩০টি প্রধান শহরের নাম উল্লেখ করে হামলার হুমকি দেওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমস্ত রাজ্যকে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। পাশাপাশি এই হুমকির বিষয়ে সজাগ থাকতে অনুরোধ করা হয়েছে ভারতীয় বিমানবাহিনীকেও।