প্রথমবারের মতো বিশ্বের ৭৯টি দেশের প্রায় ২৭২৯ দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের দুই ক্যাটাগরির শীর্ষ চারে উঠে এসেছে বাংলাদেশ। সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে শীর্ষ ২৫ দলের নাম ঘোষণা করেছে নাসা,তন্মধ্যে দই ক্যাটাগরির সেরা চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ!
এর আগে পিপলস চয়েস অ্যাওয়ার্ডে শীর্ষ দশে জায়গা করে নিলেও, এই প্রথমবারের মতো মূল ক্যাটাগরির শীর্ষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ। এছাড়া বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের সঙ্গে শীর্ষে উঠে এসেছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া দল ‘টিম অলিক’। বেস্ট ইউজ অব হার্ডওয়্যার ক্যাটাগরিতে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া আর তাইপের সাথে শীর্ষ চারে উঠে এসেছে ঢাকা থেকে রানারআপ হিসেবে মনোনয়ন পাওয়া টিম ‘প্ল্যানেট কিট’। উল্লেখ্য, চলতি বছরের ১৯-২০ অক্টোবর শীর্ষ ৪০টি প্রকল্পকে নিয়ে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে টানা ৩৬ ঘন্টার হ্যাকথন অনুষ্ঠিত হয়। সেখান থেকে শীর্ষ ৮টি প্রকল্পকে নাসার চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেয়া হয়। আটটি মনোনয়নপ্রাপ্ত প্রকল্প থেকে প্রথমবারের মতো দুইটি ক্যাটাগরির শীর্ষ চারে জায়গা করে নিলো বাংলাদেশ।