বিদেশি মিশনের সামরিক উপদেষ্টাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা। গতকাল বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং সতের নাম্বার ক্যাম্প পরিদর্শন করেন সশস্ত্র বাহিনী বিভাগের ব্যবস্থাপনায় থাকা বিদেশি মিশনের সামরিক উপদেষ্টারা। প্রতিনিধিদল ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেছেন। এ সময় সামরিক উপদেষ্টারা বেশ কয়েকজন রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি পরিদর্শক দল। সফরে আসা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান ও ভারতসহ প্রায় বিশটি দেশের সামরিক উপদেষ্টারা বিদেশি দাতাসংস্থার কার্যক্রম ও শরণার্থী শিবির ব্যবস্থাপনায় থাকা সংশ্লিষ্ট বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। কুতুপালং থেকে বেরিয়ে পরিদর্শক দল নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের কোনার পাড়া জিরো লাইনে থাকা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।