নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও ‘দাম কমছে’ খুবই ধীরগতিতে। তবে যেসব বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালাচ্ছে, সেখানে কেজিতে পেঁয়াজের দাম কমছে ১০-২০ টাকা। রাজধানীসহ সারাদেশে এখনো মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ১১০ টাকায়। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিনই মিয়ানমার থেকে পেঁয়াজ আসছে। পেঁয়াজ আমদানি শুরু হয়েছে তুরস্ক, মিসর থেকেও। আগামী কয়েক দিনের মধ্যে পেঁয়াজের দাম অনেক কমে যাবে।
সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, রাজধানীর বাজারে প্রতি কেজি আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায় এবং দেশি পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকায়। এক মাসের ব্যবধানে আমদানিকৃত পেঁয়াজ ৬৮ শতাংশ এবং দেশি পেঁয়াজ ৭৬ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের উচ্চমূল্য রোধে এবং অবৈধ মজুত ঠেকাতে সারাদেশে অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। কক্সবাজার প্রতিনিধি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের মনিটরিং টিম শহরের বাজারঘাটা, বড়বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে জরিমানা করেছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন, পদুয়া বাজার, চুনতি বাজার ও আধুনগর বাজারে অভিযান চালিয়ে সাতটি মুদিদোকানকে জরিমানা করা হয়েছে।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে কয়েকটি হাটবাজারে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজার, মরিয়মনগর চৌমুহনী, দোভাষীবাজার, লিচুবাগান বাজার, ধামইরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ব্যবসায়ীরা পেঁয়াজের ক্রয়মূল্যের রসিদ দেখাতে ব্যর্থ হন।
খুলনা অফিস জানায়, খুলনায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে মা বাণিজ্য ভান্ডারকে ৫০ হাজার টাকা, মেসার্স সোনালী ট্রেডার্সকে ৬০ হাজার টাকা এবং তাজ ট্রেডিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকটি দোকানমালিককে জরিমানা করেছে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে শহরের কাঠপট্টি এলাকার পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম অফিস জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এক দিনের মধ্যেই চট্টগ্রামের হাটহাজারীতে পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে। গতকাল উপজেলার বিভিন্ন আড়তে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকায় বিক্রি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি রোধে গতকালও উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার, ধলই ইউনিয়নের কাটিরহাট বাজারসহ বিভিন্ন আড়ত ও খুচরা দোকানে অভিযান চালানো হয়েছে।