কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য চেয়েছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। গতকাল বৃহস্পতিবার দেশের সব তপশিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে তার নামে থাকা সব ধরনের হিসাবের গত ছয় বছরের লেনদেনের তথ্য দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এসব লেনদেনের তথ্য চাওয়া হয়েছে।
সম্প্রতি ক্যাসিনোকাণ্ডে যুবলীগের বেশ কয়েকজন নেতার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। তাদের কাছ থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতির মধ্যেই গতকাল যুবলীগের সভাপতিরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হলো।