বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের অনশন ভঙ্গ

টানা ৩৩ ঘণ্টা পর অনশন ভঙ্গ করলেন বরিশালের ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা। বরিশাল মহিলা পরিষদের নেতৃবৃন্দ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শরবত খাইয়ে রিকশা শ্রমিকদের অনশন ভঙ্গ করান। আন্দোলনকারী ব্যাটারিচালিত রিকশা শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল বিকালে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলমের সঙ্গে দেখা করেন। পুলিশ প্রশাসন নগরীর প্রধান সড়ক এড়িয়ে অন্যান্য সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের মৌখিক অনুমতি দিয়েছে। একই সঙ্গে এর আগে জব্দ করা রিকশার ব্যাটারি ও মোটর ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। এ আশ্বাসের ভিত্তিতে গতকাল সন্ধ্যা ৭টায় রিকশা শ্রমিকরা অনশন ভঙ্গ করেন।

বরিশাল মহিলা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক (অব) শাহ সাজেদা বলেন, ব্যাটারিচালিত রিকশা চলাচলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও শ্রমিকদের কথা বিবেচনা করে ট্রাফিক পুলিশ মানবিক কারণে দিনের বেলায় নির্দিষ্ট রুটে সেগুলো চলাচলের মৌখিক অনুমতি দিয়েছে। রাত ১০টার পর সব রুটে চলতে পারবে।