নিয়মিত রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আসেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে আসা নেতাকর্মীরা দেখেন আগে থেকেই ক্যান্টিনের চেয়ার-টেবিল ছাত্রলীগের দখলে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বসার জায়গা না পেয়ে ক্যান্টিনের মেঝেতে বসে প্রতীকী প্রতিবাদ জানান ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মধুর ক্যান্টিনের যে জায়গাটিতে তারা নিয়মিত বসেন সেখানে কোনো চেয়ার-টেবিল ছিল না। আগে থেকেই সব চেয়ার-টেবিল দখল করে বসেছিলেন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। চেয়ার-টেবিল দখলের প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা মেঝেতে বসে পড়েন। বেলা ১১টার দিকে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমানও মেঝেতে বসে পড়েন।
তবে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান চেয়ার-টেবিল দখলে রাখার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘অন্য দিনগুলোর মতোই আমরা মধুর ক্যান্টিনে বসেছি। ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার-টেবিল না পেলে আমাদের কী করার আছে? আমরা কি চেয়ার-টেবিল বানিয়ে দেব?’
পরে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থানের পর নেতাকর্মীদের নিয়ে বেরিয়ে যান ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। কিছুক্ষণ ক্যান্টিনের বাইরে অবস্থান করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে কলাভবন, স্মৃতি চিরন্তন চত্বর দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।