ভালুকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ভালুকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি- নিহত সাদ্দাম একজন পেশাদার ডাকাত। ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইনউদ্দিন জানান, বুধবার রাত দেড়টার দিকে উপজেলার মামারিশপুর ৯ নম্বর বাঁধ এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে সাদ্দামের সহযোগীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সাদ্দামকে আটক করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাদ্দাম পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের ফজলুল হকের ছেলে। তার নামে ভালুকা ও গফরগাঁও থানায় মাদক ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও পুলিশ জানান।