ডা. অনিমেষ মজুমদার
রংপুর মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ, স্বাধীনতা চিকিত্সক পরিষদ রংপুর জেলা আহ্বায়ক, বিএমএ সাধারণ সম্পাদক, লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি ও লায়ন্স স্কুল ও কলেজের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. অনিমেষ মজুমদার আর নেই। বৃহস্পতিবার সকালে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বিকালে নগরীর কেন্দ্রীয় দখিগঞ্জ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। দুপুরে তার লাশ রংপুর মেডিক্যাল কলেজ চত্বরে নিয়ে আসলে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি মেডিক্যাল কলেজের পরিচালনা পর্ষদসহ তার সহযোদ্ধারা তাকে শেষ শ্রদ্ধা জানান। এ সময় লায়ন্স স্কুল ও কলেজের শিক্ষক ও রংপুর জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
সেলিমুর রহমান
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের রূপসা ভবনের ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী কাজী সেলিমুর রহমান গত বুধবার ঢাকার সাভারে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত হয়েছেন। গতকাল বাদ জোহর সাভারের দেণ্ডাবরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সাভারের নিরিবিলি গ্রামে তাকে সমাহিত করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী ও সাভার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন। সেলিমুর রহমান স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট মালিক সমিতির আহ্বায়ক ডা. বিধান চন্দ্র দাশ ও সদস্য সচিব ফাইজুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। —বিজ্ঞপ্তি