রেললাইনে ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধার

রাজধানীর বনানী রেললাইন থেকে আতিকুর রহমান রানা (৩৫) নামে এক ব্যবসায়ীর খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার কমলাপুর (জিআরপি) থানায় তিন জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেছেন রানার শ্বশুর। রানা রাজশাহী জেলার রাজাপাড়া উপজেলার লক্ষ্মীপুর ভাটপাড়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। মিরপুরের উত্তর কাফরুলে পরিবার নিয়ে থাকতেন।

পুলিশ জানায়, রানা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রানা শেয়ারে বাইং হাউজের ব্যবসা করতেন। অন্য শেয়ার হোল্ডারদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে বিরোধের কারণে সে আত্মহত্যা করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন বলেন, ‘তদন্ত করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এর পেছনে কারো প্ররোচনা ছিল কি না, আসামিদের গ্রেফতারের পর জানা যাবে। ’

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলী আকবর বলেন, ‘পরিবারের দাবি ব্যাবসায়িক ঝামেলা থেকে এমন ঘটনা ঘটেছে। তার স্ত্রী তাকে মোবাইলে পাচ্ছিল না। পরে গভীর রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন রিসিভ করে খণ্ডিত লাশ দেখার কথা জানায়।

নিহতের ছোটো ভাই আলিফ হাসান আকাশ বলেন, বাইং হাউজে ব্যবসা আমার ভাইয়ের ৩১ শতাংশ শেয়ার ছিল। কিছুদিন আগে তার অন্য শেয়ার হোল্ডাররা তাকে সরিয়ে দিয়ে অন্যকে শেয়ারে নেয়। এরপর ভাইয়াকে লাভের ৪০ লাখ টাকা দিবে বলে আর দেয়নি। এ বিষয়ে নিয়ে ঝামেলা চলছিল।