আইনি ব্যবস্থা ছাড়া খালেদা জিয়ার মুক্তির পথ নেই —তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, একমাত্র বিচার-প্রক্রিয়ার মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি সম্ভব। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘একটি দুর্নীতির মামলায় বিএনপি নেত্রী কারাগারে রয়েছেন এবং কেবল আদালতই তাকে মুক্তি দিতে পারে।’ হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি সব সময় হুমকি দেয়, খালেদা জিয়ার মুক্তির জন্য তারা আন্দোলন গড়ে তুলবে। কিন্তু তার মুক্তি আদালতের ব্যাপার এবং অন্য কোনো পথ নেই।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়া কোনো রাজনৈতিক কারণে গ্রেফতার হননি এবং তিনি রাজবন্দি নন। তিনি বলেন, ‘অতীতে অনেক রাজনৈতিক নেতা রাজনৈতিক কারণে গ্রেফতার হয়েছেন। ঐ সব নেতার মুক্তির জন্য আন্দোলনও হয়েছে। কিন্তু খালেদা জিয়ার বিষয়টি তেমন নয়। এতিমদের টাকা মেরে খাওয়ার কারণে দুর্নীতির মামলায় তিনি জেলে রয়েছেন।’

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘এখন সব সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এই স্যাটেলাইটের মাধ্যমে তাদের অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এটি আসলেই দেশের জন্য একটা আনন্দের খবর। পূর্ণাঙ্গ সার্ভিস প্রদানের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইটে সব সুযোগ-সুবিধা রয়েছে। তথ্যমন্ত্রী বলেন, সরকার ৪৫টি টিভি চ্যানেলের লাইসেন্স প্রদান করলেও দেশে ৩৫টি টিভি চ্যানেল চালু রয়েছে। দেশের সম্প্রচারমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্প্রচারমাধ্যমকে পর্যায়ক্রমে ডিজিটালাইজ করা হবে।