ফ্রান্সের রাজধানী প্যারিসে পুলিশের সদরদপ্তরে ছুরি হামলায় দপ্তরের চার কর্মকর্তা নিহত হয়েছেন। হামলাকারী নিজেও পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন। প্যারিসের মেয়র এনি হিদালগো জানিয়েছেন, হামলার ঘটনায় ‘বেশ কিছু মানুষ’ হতাহত হয়েছেন। নটর ডেম ক্যাথেড্রালের কাছে প্যারিসের প্রাণকেন্দ্রে চালানো এই হামলার পেছনের কারণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ। কোনো ব্যক্তি বা সংগঠন এর দায় স্বীকার করেনি।
হামলার পর পুরো এলাকাজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। সেই সঙ্গে জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা। কাছাকাছি মেট্রো স্টেশনগুলোও বন্ধ করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেয়ার পর মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়ায়। স্থানীয় পুলিশ প্রধান বলেছেন, হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তারা পরিষ্কার না। ঘটনার পর অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
দেশটির পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা বাড়ায় তারা দেশব্যাপী ধর্মঘট পালনের একদিন পর স্থানীয় সময় দুপুর একটায় এই হামলা হলো। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানার হামলাস্থল সফর করেন। প্যারিসের মেয়র অ্যান হিডালগো টুইটারে এই হামলায় ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হামলাস্থলের পাশেই একাধিক পর্যটন কেন্দ্র অবস্থিত।
ফরাসি গণমাধ্যমের মতে, হামলাকারীর বয়সী ৪৫ বছর। তিনি ২০ বছর প্যারিস পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। তিনি সদর দপ্তরের দুটি অফিস কক্ষে দুজনকে, সিঁড়িতে একজনকে এবং সামনের প্রাঙ্গণে চতুর্থ জনকে ছুরিকাঘাত করেন। এরপর তিনি গুলিবিদ্ধ হন। -বিবিসি