‘আভাস থেকে নতুন গান আসছে শিগগিরই’

 

নতুন ব্যান্ড ‘আভাস’ নিয়ে প্রায় নিয়মিত স্টেজ শো করছেন তানজির তুহিন। ‘শিরোনামহীন’ ব্যান্ডের সাবেক এই ভোকালিস্ট গড়েছেন ব্যান্ড আভাস। এবার নিজের নতুন কাজ নিয়ে শিগগিরই আসতে যাচ্ছে এই ব্যান্ডটি। এ প্রসঙ্গে তুহিন বলেন, ‘আভাস থেকে নতুন গান আসছে শিগগিরই। কাজগুলো গোছাচ্ছি। এখনই চূড়ান্ত কোনো তথ্য দিতে চাচ্ছি না। গানগুলো শেষ হলে বড় পরিসরে সবাইকে জানাবো। এ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ ব্যান্ড নতুন হলেও বিগত ব্যান্ডে তুহিন নিজের যে ইমেজ তৈরি করেছেন শ্রোতাদের মাঝে তা নতুন ব্যান্ডের জনপ্রিয়তাকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে। এ প্রসঙ্গে তুহিন বলেন, ‘শ্রোতাদের কাছে কৃতজ্ঞ তারা আমাকে ভালোবাসা দিয়ে এ পর্যন্ত এনেছেন। এটি একজন শিল্পীর কাছে সবচেয়ে বড় পাওয়া। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি আভাস থেকেও তারা তাদের পছন্দের কিছু গান পাবেন।’