প্রোডাকটিভিটি অ্যাওয়ার্ড পেল ১৬ শিল্প প্রতিষ্ঠান

নিজ নিজ শিল্প-কারখানায় উত্পাদনশীলতা বৃদ্ধি ও উত্পাদিত পণ্যে উত্কর্ষতা সাধনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৬টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার রাজধানীর বিয়াম মিলনায়তনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে এসব শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। এর আগে আরও চারবার এ পুরস্কার দেওয়া হয়।

২০১৭ সালের জন্য ৬টি ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস্, এনভয় টেক্সটাইলস্, বিএসআরএম স্টিলস্, অকো-টেক্স লিমিটেড, বিআরবি পলিমার, ন্যাসেনিয়া লিমিটেড, প্রিমিয়াম সুইটস বাই সেন্ট্রাল, মেটাটিউড এশিয়া, আলীম ইন্ডাস্ট্রিজ, খান বেকেলাইট প্রোডাক্টস, ট্রিম ট্যাক্স বাংলাদেশ। তালিকায় আরও রয়েছে অধরা পার্লার এন্ড স্পা ট্রেনিং সেন্টার,  প্রীতি বিউটি পার্লার এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের মধ্যে রেণউইক যজ্ঞেশ্বর, করিম জুট মিলস ও ন্যাশনাল টিউবস্।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সরকারের শিল্পবান্ধব নীতি ও উদ্যোগের ফলে দেশে শিল্পায়নের ধারা জোরদার হয়েছে। ইতোমধ্যে জাতীয় আয়ের শিল্পখাতের অবদান ৩৩ দশমিক ৭১ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সালের মধ্যে জিডিপিতে শিল্পখাতের অবদান ৪০ শতাংশে উন্নীত করা হবে বলে তিনি জানান।

শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনপিও’র পরিচালক এস এম আশরাফুজ্জামান এবং পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।