ডিএসইর লেনদেন ফের ৫শ কোটির নিচে

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ফের ৫শ কোটি টাকার নিচে নেমেছে। সে সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। ডিএসইতে গতকাল মোট ৩৪১টি কোম্পানির ১১ কোটি ২৯ লাখ ৩৯ হাজার ৫০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪৮৩ কোটি ৪৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা। সোমবার লেনদেন হয়েছিল ৫৬৭ কোটি ৬৭ লাখ টাকার। বেশ কিছুদিন ৫শ কোটির উপরে লেনদেন হবার পর গতকাল মঙ্গলবার ফের নিচে নেমেছে ডিএসইর লেনদেন। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১৯ দশমিক ৯৪ পয়েন্ট কমে ৫২৭৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক শূন্য দশমিক ৯৮ পয়েন্ট কমে ১৮৪৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ৬ দশমিক ৫৯ পয়েন্ট কমে ১২১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার। ডিএসইতে দর কমার শীর্ষে ছিল আইএসএন লি., দেশ গার্মেন্ট, সোনালি আঁশ, আজিজ পাইপস, অ্যাম্বী ফার্মা, ফারইস্ট ফাইন্যান্স, মেঘনা পেট, গ্লোবাল হেভী কেমিক্যাল, নরদার্ন জুট ও লিব্রা ইনফিউশনস।

এ দিকে গতকাল দেশের অপর পূঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ৪০ পয়েন্ট কমে ১৬ হাজার ১৬৩ পয়েন্টে অবস্থান করছে। বাজারে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৯টির এবং ২৯টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৮৮ লাখ ৬০ হাজার টাকা।