তুলনা না করে আমাদের চেষ্টার জায়গায় সমালোচনা করা উচিত

তাসকিন রহমান। ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে পরিচিত তিনি। এরপর আরো কয়েকটি সিনেমায় প্রশংসা কুড়িয়েছেন। একক নায়ক চরিত্রে কাজ করেছেন একটি সিনেমায়। বর্তমানে বেশ কয়েকটি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন, যেগুলো এরইমধ্যে বেশ আলোচনা তৈরি করেছে। সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু

সাম্প্রতিক সময়ে কোন সিনেমাগুলো নিয়ে ব্যস্ত আছেন?

বেশ কয়েকটি সিনেমার কাজ চলছে। নভেম্বর থেকে ‘শান’ সিনেমার কাজ আবারো শুরু হবে। এছাড়া ‘মিশন এক্সট্রিম’ সিনেমার আরো কিছু কাজ বাকি রয়েছে, সেখানেও ব্যস্ত হয়ে যাবো। দীপঙ্কর ভাইয়ের ‘ঢাকা ২০৪০’-এর কিছু কাজ এখনো বাকি রয়েছে। কিন্তু এটির শুটিং কবে থেকে সেটি এখনো নির্ধারণ হয়নি। এছাড়া একটি বড় বাজেটের সিনেমার সঙ্গে যুক্ত হতে পারি শিগগিরই।

 

‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি শেষ হয়েছে বলে শোনা গিয়েছিল। তাহলে আবারো নতুন করে শুটিং কেন?

শেষে আমাদের মনে হয়েছে এটি আরো কিছু শুট করলে আরো বেশ ভালোভাবে গল্পটা ফুটে উঠবে। সেই চিন্তা থেকেই কাজটি করা।

 

‘ঢাকা অ্যাটাক’-এর পর প্রায় একই টিমের সঙ্গে ‘মিশন এক্সট্রিম’ করলেন। এবারের কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাই—

এবারের কাজের অভিজ্ঞতা অবশ্যই ভিন্ন। অনেককিছুই নতুন করে দেখতে পাবেন দর্শকরা। অনেক নতুন কিছু যোগ করা হয়েছে। অনেক বেশি অ্যাকশন রয়েছে। যেমন অনেক হেলিকপ্টার দেখা যাবে এই সিনেমায়। এছাড়াও অনেক বিষয় থাকবে, যা আগে ছিল না।

 

দেশের বাইরের অ্যাকশন-থ্রিলার ধাঁচের সিনেমা দেখে দর্শকরা অভ্যস্ত। সেই জায়গা থেকে আমাদের দেশে এই ঘরানার সিনেমা দর্শকদের চাহিদার জায়গাটা কতটুকু পূরণ করতে পারবে মনে করেন?

প্রথম কথা, আমরা প্রযুক্তি ব্যবহারে নতুন। তবে আমরা চেষ্টা করছি। আমার কথা হচ্ছে তুলনা না করে আমাদের চেষ্টার জায়গায় সমালোচনা করা উচিত। তাহলে আমাদের কাজগুলো আরো ভালো কিছু হবে। আর আমি বিশ্বাস করি ‘মিশন এক্সট্রিম’ দেখে দর্শকরা হতাশ হবেন না।

 

আপনাকে হিরো চরিত্রে আবার কবে দেখা যাবে?

শিগগিরই হয়তো আবারো হিরো চরিত্রে দেখা যাবে। একটি সিনেমা নিয়ে কথা প্রায় চূড়ান্ত। গল্প নির্ভর একটি সিনেমা। সেটির কাজ হয়তো শুরু করবো শিগগিরই। আর হিরো চরিত্রের চেয়ে সিনেমায় আমি যে চরিত্রটি করবো সেটি আমার কাছে গুরুত্বপূর্ণ।