ইত্তেফাক রিপোর্ট
আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার এক অনুকরণীয় মডেল বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের পর টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের পথে দ্রুত এগিয়ে চলেছে।
শিল্পমন্ত্রী গতকাল মঙ্গলবার রাজধানীর বিসিক মিলনায়তনে বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত তিন দিনব্যাপী বিজয় মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, ২০০৭-০৮ অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের অবদান ছিল ১৭ দশমিক ৭৭ শতাংশ। বর্তমানে তা ৩৩ দশমিক ৭১ শতাংশে উন্নীত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিসিক চেয়ারম্যান মুস্তাক হাসান মোহাম্মদ ইফতেখার বক্তব্য রাখেন।
তিন দিনের এ বিজয় মেলা আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। এতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শন করছে। মেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।