শিশুদের অনুষ্ঠান উপস্থাপনায় জয়ন্ত চট্টোপ্যাধায়

বিনোদন রিপোর্ট

 

দুর্গাপূজা উপলক্ষে দুরন্ত টেলিভিশনে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। আজ প্রচারিত হবে ‘আলোয় ভুবন ভরা’র বিশেষ পর্ব। এই অনুষ্ঠানের এই বিশেষ পর্বে উপস্থাপনায় থাকবেন অভিনেতা, গবেষক, লেখক জয়ন্ত চট্টোপ্যাধায়। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। প্রচার হবে আজ রাত ৯টা ৩০ মিনিটে।

অনুষ্ঠানটির এই পর্বে শোনানো হবে হিন্দু ধর্মের নানা ধরনের গল্প। গল্পগুলো শিশুদের নানা ধরনের নৈতিক শিক্ষা দিয়ে থাকে ও একজন আদর্শ মানুষ হিসেবে বেড়ে ওঠার প্রেরণা জোগায়। সেইসঙ্গে শিশুদের মনে সততা, সহনশীলতা, শ্রদ্ধাবোধের জন্ম দেয়। এছাড়াও আগামীকাল প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মঙ্গলালোকে’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন তোফায়েল সরকার। পূজা উপলক্ষে নাচের এই বিশেষ অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন কল্পতরুর নৃত্যশিল্পী রুদমিলা প্রিয়ন্তি চৌধুরী, নোহলী ইসলাস শ্রেয়া, সুমাইয়া আক্তার শোভা, আমিরা মাহমুদ, আনুদিয়া আনুভ, আবেয়া আকন্দ, মধুরিমা রয়সহ অনেকে।