আজ থেকে প্রচার শুরু হচ্ছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের নতুন ধারাবাহিক ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। আরটিভিতে আজ রাত ১০টায় প্রচারিত হবে নাটকটি। নাটকটির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এরইমধ্যে নাটকের ৩০ পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। নতুন এই ধারাবাহিকের গল্প নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেতা মোশাররফ করিম। তিনি বলেন, ‘কিছু সাধারণ মানুষের অসাধারণ টুকরো টুকরো গল্প নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। নাটকের চিত্রনাট্য আর গল্পের গভীরতা দেখেই এই নাটকটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছি। আশা করছি দর্শকরা একদম হূদয় থেকে নাটকটি গ্রহণ করবেন।’ মোশাররফ করিম ছাড়াও এতে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ফারুক আহমেদ, হোসনে আরা পুতুলসহ অনেকে।