কাশীনাথ মজুমদার পিংকু, কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা
কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পোষণা গ্রামে ঐতিহ্যবাহী ‘পদ্মবিল’টি আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটকদের কাছে। স্থানীয়ভাবে এটি পোষণা বিল বা জলই বিল নামে পরিচিত হলেও নতুন নাম ‘পদ্মবিল’ হিসেবে পরিচিতি লাভ করেছে ভ্রমণপিপাসুদের কাছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বিলে পানি থাকে প্রায় সারা বছর। তবে বর্ষা মৌসুমে বিলটি যেন তার যৌবন ফিরে পায়। সাদা শাপলা ফুলের সঙ্গে ফোটে লাল পদ্ম। মাঝে মাঝে সবুজ কলমিলতা বিলটিকে করে তুলে আরো অপরূপ। বিলটির চারদিকে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা। দূর থেকে দেখলে সবুজ বনও মনে হতে পারে। রয়েছে ‘কোশা নৌকা’ করে বিল ভ্রমণের সুযোগ, যা পড়ন্ত বিকেল এবং গোধুলি সন্ধ্যায় দর্শনার্থীদের নিয়ে যেতে পারে ভিন্ন এক জগতে।
কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে বল্লা রোডে বালিআটা মোড় পার হয়ে সামনে এগোলেই মিলবে এই বিলের দেখা। দূরত্ব মাত্র সাত কিলোমিটার। ইঞ্জিনচালিত রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজিচালিত অটো অথবা মোটরসাইকেল করে খুব সহজেই ভ্রমণ করা যায় এই পদ্মবিল। জনপ্রতি ভাড়া ১৫-২০ টাকা। স্থানীয় লোকদের আন্তরিকতা মুগ্ধ করে যে কোনো দর্শনার্থীকে।
বন্ধুদের নিয়ে ঘুরতে আসা রাজাবাড়ী গ্রামের এবং সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র হিরু মোল্লা বলেন, এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। বিলে নৌকা করে ঘুরে বেড়ানোর মজাটাও আলাদা। তবে প্রচারের অভাবে এখনো ততটা জনপ্রিয় হয়ে উঠেনি সম্ভাবনাময় এই বিলটি। একই সুর স্থানীয় স্কুলশিক্ষক আব্দুল মান্নানের কণ্ঠে। তার মতে, সঠিক নজর এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এই পদ্মবিল হতে পারে টাঙ্গাইলের অন্যতম দর্শনীয় স্থান।