বরিশালে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল অফিস

বরিশালে সম্প্রীতি সমাবেশের এক মঞ্চে দাঁড়ালেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে। শারদীয় দুর্গোত্সবের প্রথম দিনে ভিন্নধর্মী ঐ আয়োজনে সবাই বললেন অসাম্প্রদায়িক চিরচেনা বাংলাদেশের কথা। কেবল বরিশাল নয়, গোটা বাংলাদেশের আসল চেহারাই অসাম্প্রদায়িকতা। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সকলে সবার।

নগরীর অশ্বিনী কুমার হলে গতকাল শুক্রবার বিকালে ঐ সম্প্রীতি সমাবেশের আয়োজন করে পুজোর ভ্যান নামে একটি সামাজিক সংগঠন। সংগঠনের সভাপতি ভানু লাল দে-র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, বরিশাল মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিত্ দত্ত লিটু, ধর্মরক্ষিণী সভাগৃহের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী কুডু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু স্বাগত বক্তব্য দেন। পরে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরীসহ অন্যরা।