মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
আলোক ফাঁদ ব্যবহার করে আমন ধানের ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি পর্যবেক্ষণ ও দমনের প্রযুক্তি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করেছে রংপুরের মিঠাপুকুরে। বুধবার রাত নয়টায় উপজেলার ৫১টি ব্লকে একযোগে এই প্রযুক্তি কর্মসূচি সম্পন্ন করেছে কৃষি বিভাগ। এই প্রযুক্তিতে রাতের আঁধারে বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে বাল্বের নিচে গামলার মধ্যে ডিটারজেন্ট মিশ্রিত পানি রেখে ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করা হয়।
বুধবার রাতে উপজেলার শালাইপুর ও বাতাসন দুর্গাপুর ব্লকে কর্মসূচি পরিদর্শন করেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সরওয়ারুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. রিয়াজউদ্দিন, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. মাহবুবুর রহমান, মিঠাপুকুর উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার লোকমান হেকিম, আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সংশ্লিষ্ট দুই ব্লকের উপসহকারী কৃষি অফিসার জাকির হোসেন ও আসলাম মিয়া।