রৌমারীতে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নিমাঞ্চল প্লাবিত

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

টানা ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে রৌমারী উপজেলার প্রায় সব নদীর পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে বন্দবেড়, দাঁতভাঙ্গা, শৌলমারী, রৌমারী ও যাদুরচর ইউনিয়নের প্রায় ২৫টি গ্রাম। নষ্ট হয়েছে প্রায় ২০০ হেক্টর জমির বীজতলা, রোপা আমন, শীতকালীন শাক-সবজি।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দাঁতভাঙ্গা, শৌলমারী, রৌমারী ও যাদুরচর  ইউনিয়নের মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় নৌকায় বা ভেলায় পারাপার হচ্ছেন মানুষ। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ বেশি দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি গো-খাদ্যের তীব্র সংকটও দেখা দিয়েছে।

বোয়ালমারী, নতুন শৌলমারী, চরবোয়ালমারী, ওকড়াকান্দা, ডাঙ্গুয়াপাড়া, গুচ্ছগ্রাম চরকাজাইকাটা, ইটালুকান্দা, কাউনিয়ারচর, ছাটকড়াইবাড়ী, ধনতলা, চরধনতলা, শান্তিরচর, ভুন্দুরচর, বারবান্দা, চর ইজলামারী, খেওয়ারচর, বকবান্দা, আলগারচর, ফলুয়ারচর, পালের, বেরামাড়িসহ  ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় পঞ্চাশ হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।

রৌমারী সদর ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম শালু বলেন, নতুন করে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হয়েছেন।

রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার হোসেন বলেন, নতুন করে বন্যার পানি বৃদ্ধি হওয়ায় কয়েকটি এলাকার রোপা আমন, মাষকালাই ও শাক-সবজির ক্ষতি হয়েছে।