বখাটে ছেলের অত্যাচারে ঘরছাড়া অসহায় বাবা-মা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বখাটে ছেলের অত্যাচারে বাড়ি ছেড়েছেন অসহায় বাবা-মা। উপজেলার বুধন্তী ইউনিয়নের খাতাবাড়ী গ্রামের বৃদ্ধ নুর মিয়া ও তার বৃদ্ধা স্ত্রী আনোয়ারা খাতুন অসহায়ভাবে দিন যাপন করছে। মামলা সূত্রে জানা যায়, মাদকাসক্ত হয়ে টাকার জন্য মো. আনু মিয়া দীর্ঘদিন ধরে তার বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। আনু মিয়ার নির্যাতন দিন দিন বাড়তে থাকলে উপায়ান্তর না দেখে জীবন বাঁচাতে আইনের আশ্রয় নেয় বৃদ্ধ নুর মিয়া ও তার অসুস্থ স্ত্রী।

নুর মিয়া জানান, আমি একজন অসহায় মানুষ। ছেলের অত্যাচারে আজ আমি ঘর ছাড়া। কয়েকদিন আগে আমার বুকের মধ্যে উঠে ‘দা’ নিয়ে আমাকে জবাই করে মেরে ফেলার চেষ্টা করে আনু মিয়া। আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। আমি কোনো কথা বললেই মারধর করে। আনোয়ারা খাতুন জানান, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমি মারাত্মক আহত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকি। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি। তার অত্যাচারে আমরা ঘর ছেড়েছি। আমরা এর বিচার চাই।

নিজের বাড়ি ছেড়ে তারা এখন সাতবর্গ বাস টার্মিনাল এলাকায় অসহায় দিন যাপন করছেন। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক আমরা খোঁজ নিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।