কাউনিয়ায় ট্রেন দুর্ঘটনা
স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরের কাউনিয়া রেল স্টেশনে ট্রেন দুর্ঘটনায় চালক শামসুদ্দোহা ও সহকারী শাহীনুরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুইটি তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে, স্টেশন মাস্টার আব্দুর রশিদ জানান, কাউনিয়া রেল স্টেশন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনের ডিআরএম শফিকুর রহমান জানান, দুর্ঘটনার চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি আরো জানান, ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে বিভাগীয় প্রধান ও পশ্চিমাঞ্চল লালমনিরহাট বিভাগ থেকে দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটিতে পাঁচ জন করে সদস্য রয়েছেন।
বিভাগীয় প্রধান থেকে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে এবং পশ্চিমাঞ্চল লালমনিরহাট বিভাগ গঠিত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।