জয়ে ফিরতে চায় চোটজর্জর রিয়াল

বার্সেলোনা মাঠে নামবেন কাল

স্পোর্টস ডেস্ক

শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে লা লিগার সাত ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আছে। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ দুই ম্যাচে ড্র আর চোট দুশ্চিন্তা বাড়াচ্ছে কোচ জিনেদিন জিদানের। তাই আজ শনিবার দ্বিতীয় স্থানে থাকা গ্রানাডার বিরুদ্ধে জয়ে ফিরতে চায় রিয়াল। শিরোপাধারী বার্সেলোনা অবশ্য মাঠে নামবে আগামীকাল। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ সেভিয়া।

রিয়াল চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৩-০ হারের পরও টানা দুই ম্যাচে জিতেছিল। তাতে ধারণা করা হচ্ছিল দুঃসময় বুঝি কাটছে জিদানের। কিন্তু এরপর লা লিগায় মাদ্রিদ ডার্বিতে ড্র আর চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রুজের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে করা ড্র অস্বস্তি ফিরিয়ে এনেছে রিয়াল শিবিরে।

এমন অফ-ফর্মের সঙ্গে দলটিতে যোগ হয়েছে চোট আর অসুস্থতাজনিত সমস্যা। ক্লাব ব্রুজের বিপক্ষে ম্যাচে পেটে সমস্যার কারণে বিরতির পর আর মাঠে নামেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া। একই সমস্যার কারণে গতকাল শুক্রবার অনুশীলনেও ছিলেন না তিনি।

তবে জিদানের বড় দুশ্চিন্তা রক্ষণভাগে। লেফটব্যাক হিসেবে কাকে খেলাবেন তা নিয়েই রয়েছে বেশ সংশয়। চোটের কারণে গতকাল মার্সেলো অনুশীলনে নামেননি। এদিকে ফেরলান মেন্ডি ও নাচো ফার্নান্দেজও চোটের কারণে খেলার বাইরে আছেন। আজ গ্রানাডার মুখোমুখি হওয়ার আগে এক্ষেত্রে জরুরি ভিত্তিতে সমস্যাটির সমাধান খুঁজে বের করতে হবে জিদানকে।

তবে এত অস্বস্তির ভিড়ে দলটির জন্য সুসংবাদও আছে। পেশির সমস্যার কারণে ব্রুজের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে খেলতে না পারা গ্যারেথ বেল ও হামেস রদ্রিগেজ ফিরেছেন অনুশীলনে।

এদিকে বার্সেলোনা কাল সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে রিয়ালের মতোই খেলোয়াড় সংকটে ভুগছে। কাকতালীয়ভাবে সেটিও লেফটব্যাক হিসেবে খেলবেন কে তা নিয়ে। চোটের কারণে ছিটকে যাওয়া জর্দি আলবা অনুশীলনে ফেরেননি, সেভিয়ার বিপক্ষে যে খেলছেন না তা একরকম নিশ্চিতই বলা চলে। দলটির বিকল্প লেফটব্যাক জুনিয়র ফিরপোও চোটের কারণে মাঠের বাইরে। এ অবস্থায় নেলসন সেমেদো অথবা সার্জি রবার্তোদের একজনকে এ জায়গায় খেলতে দেখা যেতে পারে কাল। রক্ষণের অন্য জায়গাগুলো নিয়েও দুশ্চিন্তা আছে বার্সেলোনার। চোটের কারণে খেলতে পারবেন না সেন্টারব্যাক স্যামুয়েল উমতিতি। ক্লেমেন্ত লংলে খেলতে পারবেন না নিষেধাজ্ঞার কারণে। আক্রমণভাগে ফিরতে পারেন তরুণ ফরোয়ার্ড আনসুমান ফাতি। পেশির সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠেছেন তিনি।