যুক্তরাষ্ট্রে বেকারত্ব নেমে এসেছে সাড়ে ৩ শতাংশে

মার্কিন যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার ৩.৫ শতাংশে নেমে এসেছে। বেতন-ভাতা কমে যাওয়ায় অনেক পদ খালি হওয়ার ফলে গত ৫০ বছরের মধ্যে দেশটিতে সর্বোচ্চ পরিমাণ চাকরির সুযোগ বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে মাসিক নিয়োগের হার পর্যবেক্ষণ করে শুক্রবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির শ্রমিক অধিদপ্তর। তবে প্রতিবেদনে দেখা যায়, গত ছয় মাসে বেতন-ভাতা বৃদ্ধির হার সবচেয়ে নিচে নেমে এসেছে দেশটিতে। 

বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার ১৫ মাস ধরে চীনের সঙ্গে যে বাণিজ্য যুদ্ধে লিপ্ত আছেন, তারই ফলস্বরুপ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক মন্দার বিপরীতে বেকারত্ব কমে আসা দেশের বাজারে বাজে প্রভাব ফেলবে বলে তারা আশঙ্কা করছেন। 

দুই দেশের এই বাণিজ্যিক যুদ্ধের ফলে ব্যবসা ক্ষেত্রে আত্মবিশ্বাস কমে গেছে। একইসঙ্গে এই যুদ্ধ বিনিয়োগ ও উৎপাদন ব্যবস্থাকে ডুবিয়ে দিচ্ছে বলে মত দেন তারা।

প্রতিবেদনের হিসেব অনুযায়ী, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে এক লাখ ৩০ হাজার পদের বিপরীতে এক লাখ ৬৮ হাজার নতুন চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। 

সূত্র: রয়টার্স

ইত্তেফাক/মিশু/জেডএইচ