কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা
কাপ্তাই উপজেলায় গতকাল শুক্রবার মহাষষ্ঠী পালনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উত্সব শুরু হয়েছে। কাপ্তাইয়ে অবস্থিত ৪১ বিজিবি তথা ওয়াগ্গাছড়া জোনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পূজামণ্ডপকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে বলে জানা গেছে। ওয়াগ্গাছড়া জোনের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ শহীদুল ইসলাম কাপ্তাই উপজেলার প্রত্যেক পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এবং ওসি মো. নাছিরউদ্দীন জানান, তারা প্রশাসনের পক্ষ থেকে শ্রী শ্রী ত্রিপুরাসুন্দরী কালী মন্দির, কর্ণফুলী প্রকল্প শ্রী শ্রী হরি মন্দির, শ্রী শ্রী দক্ষিণেশ্বর সিদ্ধেশ্বরী কালী মন্দির, শ্রী শ্রী আদি নারায়ণ বৈদান্তিক গীতা পূজামণ্ডপ, শ্রী শ্রী জয়কালী মন্দির, শ্রী শ্রী রামসীতা সংঘ লোকনাথ মন্দির এবং কর্ণফুলী সার্বজনীন মাতৃমন্দিরের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক পুলিশ ও আনসার নিয়োজিত রাখা হয়েছে। কাপ্তাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক বিপ্লব সেন জানান, বরাবরের মতো এবারও কর্ণফুলী নদীতে বর্ণাঢ্য নৌ-র্যালী করে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা রাখা হয়েছে।