‘জাতিকে আত্মমর্যাদায় উন্নীত করতে ইতিহাসচর্চা অপরিহার্য’

চট্টগ্রাম অফিস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, জাতিকে আত্মমর্যাদায় উন্নীত করতে ইতিহাসচর্চা অপরিহার্য। ইতিহাসের ভেতর একটি জাতি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অগ্রগতির উপাদান নিহিত থাকে। তিনি গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মাসিক প্রকাশনা ‘ইতিহাসের খসড়া’র পাঁচ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ইতিহাসের খসড়া একটি অসাধারণ প্রকাশনা। এতে এমন সব বিষয়                   উঠে আসে, যা বাঙালির জাতির চেতনাকে জাগ্রত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুভেচ্ছা বক্তব্যে শহীদ জায়া মুশতারী শফি বলেন, ইতিহাসের খসড়া ইতিহাসের অনেক অজানা বিষয় উঠে আসে। তা দেখে আমি মুগ্ধ হই। সভাপতির বক্তব্যে ড. মাহবুবুল হক বলেন, ইতিহাস বিকৃতি রোধ এবং প্রকৃত ইতিহাস তুলে ধরতে এ বিষয়ে গবেষণার কোনো বিকল্প নেই। মোজাম্মেল মাহমুদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইতিহাসের খসড়ার সম্পাদক মুহাম্মদ শামসুল হক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব বেলাল হোসেন।