গাংনী (মেহেরপুর) সংবাদদাতা
গাংনীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কলেজে জোরপূর্বক শ্লীলতাহানির অপচেষ্টা চালিয়েছে রাব্বি নামে এক লম্পট। শাহরিয়ার হোসেন রাব্বি ডিশ লাইন ব্যবসায়ী কাজীপুর বর্ডার পাড়ার রেজাউল হকের ছেলে। কলেজ কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১টার সময় তাকে আটক করা হয়।
জানা গেছে, কাজীপুর ডিগ্রি কলেজে দুপুর ১২টার সময় এক ছাত্রীকে জোরপূর্বক ৪র্থ তলার চিলে কোঠায় নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় তাকে সহায়তাকারী কাজীপুরের সাজ্জাদ, ঘরামী পাড়ার মন্টুর ছেলে সাঈদ, ফরিদের ছেলে ফারুক ও হোসেন সিঁড়ির গেটে পাহারাদার হিসাবে অপেক্ষা করছিল। বিষয়টি অপর এক ছাত্র দেখে ভাইস প্রিন্সিপাল রফিকুজ্জামানকে জানান। পরে তাকে প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করা হয়। গাংনী থানা ইনচার্জ ওবাইদুর রহমান জানান, জড়িত অন্যদেরকেও আটক করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।