ইত্তেফাক রিপোর্ট
জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, প্রযুক্তির এই অবিশ্বাস্য উন্নতির কারণে অনেকে মনে করছে যে মুদ্রিত বইপত্রের ভবিষ্যত্ বোধহয় ভালো নয়। কিন্তু দেখা গেছে ই-বুক ছড়িয়ে পড়লেও মুদ্রিত গ্রন্থের প্রতি আকর্ষণ মানুষের কিছুই কমেনি। ই-বুক মুদ্রিত বইকে বাজার থেকে উধাও করবে এরকম মনে করার কোনো কারণ নেই।
গতকাল শুক্রবার সকালে রাওয়া ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ‘রাওয়া বইমেলা ২০১৯’ উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ষষ্ঠ বারের মতো রাওয়া ক্লাব আয়োজিত এ বইমেলায় বিশেষ অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী ও ঢাকা মার্কেন্টাইল কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর চৌধুরী পিএসসি (অব.)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাওয়া চেয়ারম্যান মেজর খন্দকার নূরুল আফসার (অব.)। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল এম এ বি সিদ্দিকী (অব.)।
ড. আনিসুজ্জামান বলেন, বাংলাদেশ সবচেয়ে বড়ো বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি ‘অমর একুশে গ্রন্থমেলা’। এই গ্রন্থমেলার পরিসর প্রতি বছর বাড়ছে, বই বিক্রির পরিমাণ বাড়ছে, প্রকাশকের সংখ্যা বাড়ছে। বাংলা একাডেমির বইমেলার বাইরেও প্রকাশকরা একক বা যৌথভাবে নানা সময়ে বইমেলার আয়োজন করে।
রাওয়া চেয়ারম্যান মেজর খন্দকার নূরুল আফসার (অব.) বলেন, রাওয়া আয়োজিত এই বইমেলায় মূলত আমাদের যেসব লেখক-লেখিকা, সন্তান-সন্ততি আছেন তারা তাদের প্রতিভাকে বিকশিত করার উদ্দেশ্যে যে বই লিখেন তা সবার কাছে জানান দেওয়ার জন্য আলোচনা শেষে অধ্যাপক ড. আনিসুজ্জামান, কবি হাবিবুল্লাহ সিরাজী ও গ্রুপ ক্যাপ্টেন এম আবু জাফর চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন রাওয়া চেয়ারম্যান মেজর খন্দকার নূরুল আফসার (অব.)। এরপর চারটি বইয়ের মোড়ক উন্মোচন করে অতিথিরা।