মতলব উত্তরে অবাধে চলছে নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার

মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ও ধনাগোদা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে অবাধে ধরা হচ্ছে বিভিন্ন জাতের ছোটো ছোটো মাছ। উপজেলার বিভিন্ন এলাকায় মুক্ত জলাশয়, খাল-বিল, নদী-নালা মত্স্য সম্পদে ভরপুর ছিল। কিন্তু কারেন্ট জালের অবাধ ব্যবহারের ফলে দিন দিন মুক্ত জলাশয়, খাল-বিল, নদী-নালা মত্স্য শূূন্য হয়ে পড়ার কারণে সর্বত্র যেন মাছের আকাল। দিনের পর দিন এ নিষিদ্ধ জাল দিয়ে অসাধু জেলেরা ছোটো ছোটো মাছ ধরছে অবলীলায়।

মতলব উত্তর উপজেলার মেঘনা অঞ্চল ইলিশ প্রজননের অন্যতম কেন্দ্র। তাই ডিমওয়ালা ইলিশ ও ছোটো ইলিশ জাটকার পাশাপাশি পাঙ্গাস, টেংরা, মাগুর, ভেটকি, বাইন, বাইলা, চেলা, পোয়া, চিনা, ঢেলা ছাড়াও রয়েছে এখানে হরেক প্রজাতির মাছ। মত্স্য আইন অমান্য করে অবৈধভাবে নির্বিচারে কারেন্ট জাল ব্যবহার করে বিভিন্ন জাতের ডিমওয়ালা মাছ নিধন চলছে। অসাধু মত্স্যজীবীরা এসব পোনা ও ডিমওয়ালা মাছ উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি করছে। সে কারণে মাছের বংশ বৃদ্ধি পাচ্ছে না।