বিশ্ব শিক্ষক দিবস আজ

শিক্ষক সংগঠনের আয়োজনে

আলোচনা সভা ও সেমিনার

ইত্তেফাক রিপোর্ট

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালন হয়ে থাকে। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা না হলেও বিভিন্ন শিক্ষক সংগঠন দিবসটি পালন করে থাকে। এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য ‘তরুণরাই এই পেশার ভবিষ্যত্’।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আজ বেলা ১১টায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা : অর্জন ও মানোন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি  এ অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও বর্তমান  প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। অন্যদিকে স্বাধীনতা শিক্ষক পরিষদ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের শিক্ষাব্যবস্থা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। ব্যানবেইজের সম্মেলন কক্ষে বেলা ১২টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আয়োজন করা হয়েছে আলোচনা সভার।