বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে চীনকে আহ্বান ট্রাম্পের

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেন প্রেসিডেন্টকে একই আহ্বান জানিয়ে অভিশংসনের তদন্তের মুখে পড়েছেন তিনি। এদিকে জানা গেছে, ইউক্রেন পরিকল্পনা নিয়ে ট্রাম্প সরকারকে এক কূটনীতিক সতর্ক করেছিলেন। খবর বিবিসির

আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজের লনে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনেস্কির কাছ থেকে কোনো সুবিধা চান কি না। এর জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হ্যাঁ। তারা যদি সত্ হন, তাহলে দ্রুত বড়ো ধরনের তদন্ত শুরু করবেন। এটা সহজ উত্তর। বাইডেনের বিরুদ্ধে তাদের তদন্ত করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, কেবল ইউক্রেন নয়, চীনেরও উচিত বাইডেনের বিরুদ্ধে তদন্ত করা। কারণ সেখানেও বাইডেন একই কাজ করেছিলেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো তথ্য-প্রমাণ হাজির করেননি। গভীর রাতে এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা তার দায়িত্ব। এজন্য অন্য দেশের প্রতি তিনি আহ্বান জানাতে পারেন।

টুইটারে এক প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি পুনরায় নির্বাচনে জিততে বিদেশি সরকারকে ভাড়া করতে পারেন না। এটা ক্ষমতার অপব্যবহার এবং এটা আপনার শপথের লঙ্ঘন। আমাদের জাতীয় নিরাপত্তাকে এর মাধ্যমে আপনি হুমকিতে ফেলছেন। আমি জানি, আপনি প্রাইমারিতেই আপনার বিরোধীকে ঘায়েল করতে চান। কিন্তু তাই বলে আমি কোথাও যাব না।’ এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে ফোনালাপের ব্যবস্থা করেছিলেন তিন মার্কিন কূটনীতিক। ইউক্রেনে মার্কিন দূত কার্ট ভলকার বাকি দুই জনকে সতর্ক করেছিলেন—প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে জেলেনেস্কির প্রতি আহ্বান জানাবেন। জেলেনেস্কিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণও জানাবেন, যাতে তিনি রাজি হন। কিন্তু এটা ক্ষতিকর হতে পারে। এ বিষয়ে মার্কিন সরকারকে সতর্কও করা হয়েছিল।