মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মাফিয়া ডনদের দুষ্টচক্র ভাঙতেই হবে। গতকাল শুক্রবার সকালে প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী পঞ্চম আন্তর্জাতিক এডুকেশন এক্সপো ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাফিয়া ডনরা দুষ্টচক্র গড়ে তুলেছে। এরা কারা আজকে যাদের নাম শুনি, পত্রপত্রিকায় চেহারা দেখি, বিরাট ধনী? কোথায় থেকে এসে একেকজন বিরাট ডন হয়ে গেছে। এসব ডন এখন চষে বেড়ায় ঢাকা শহর। অথচ অতীতে তাদের কাউকেই আন্দোলন-সংগ্রামের সময় খুঁজে পাওয়া যায়নি। এরা আগে কোথায় ছিল—যখন আমরা রাস্তায় মার খেতাম? এরশাদবিরোধী আন্দোলনে, আওয়ামী লীগের দুর্দিনে, আন্দোলন-সংগ্রামে এরা কোথায় ছিল? একটার চেহারাও তো ঐ সময় দেখিনি।

মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন। বিদ্যুত্ সমস্যার সমাধান হওয়ায় বাংলাদেশ এখন আলোকিত। সর্বক্ষেত্রে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। একাত্তরের পরাজিত পাকিস্তানও এখন বাংলাদেশের উন্নয়নকে অনুসরণ করছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অশুভ চক্রের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী এক্ষেত্রেও সফল হবে।

ফ্যাকড-ক্যাব’র সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপি বলেন, এবারের আন্তর্জাতিক এডুকেশন এক্সপোতে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে কথা বলার সুযোগ, স্পট অ্যাডমিশন, বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় রয়েছে। এছাড়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ভর্তির সুযোগ থাকছে মেলায়। ২০১০ সাল থেকে এডুকেশন এক্সপোতে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, লাটভিয়া, মালয়েশিয়া, চীন, ফিলিপাইন, নেপাল ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অংশ নিয়ে আসছে। এবারের এক্সপোতে প্রবেশের জন্য শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীদের কোনো প্রকার ফি লাগবে না। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ক্ষেত্রে সঠিক নির্দেশনা দিতে ৫ম বারের মতো এই এডুকেশন এক্সপো আজ শনিবার শেষ হবে।