রংপুর সদর-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ আজ। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। সব কেন্দ্রে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত টিম। এ উপলক্ষ্যে পুরো নির্বাচনি এলাকা জুড়ে ১৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মাঠে ঘুরছে র্যাবের ২৪টি ইউনিট। এছাড়াও পুলিশ ও আনসার সদস্য থাকবে ৩ হাজার। নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে গড়ে তোলা হয়েছে চার স্তরের নিরাপত্তা বলয়।
অন্যদিকে এই উপনির্বাচনে চার জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে ১৮ জন। এছাড়াও মাঠে থাকবে স্থানীয়, জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষক টিম।
রিটার্নিং কর্মকর্তা ও রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন গতকাল শুক্রবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনি সামগ্রী ইতিমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১৪ জুলাই জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আজ শনিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। রংপুর সদর উপজেলা ও সিটি করপোরেশন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২১ হাজার ৩১০ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৭৬২ জন।