বরিশালে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন ছাত্রলীগ নেতা

বরিশাল-২ আসনের (উজিরপুর-বানারীপাড়া) এমপি শাহে আলমের সামনে উজিরপুরের খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে একটি অনুষ্ঠান শেষে তাকে লাঞ্ছিত করা হয়েছে। তবে উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামি খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের নীতিমালা থাকলেও উজিরপুর উপজেলায় ধান সরবরাহ করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বুধবার দুপুরে অনুদানের অর্থবিতরণ অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ থেকে বের হওয়ার সময় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম গুদাম কর্মকর্তা আব্দুস সালামকে দেখে ধান ক্রয়ের খবর জানতে চান। গুদাম কর্মকর্তা জানান, এবার নেতারাই ধান সরবরাহ করেছে।