আড়াইহাজারে বিদ্যুতের খুঁটি স্থাপন নিয়ে সংঘর্ষ, আহত ৮

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত আট জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, আলআমিন, আনোয়ার হোসেন, রাসেল, নজরুল ইসলাম, আঃ হান্নান, তাহমিনা ও তাহেরা। ঐ গ্রামের হান্নান ও আনোয়ারের লোকজনের মধ্যে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, আনোয়ার বাদী হয়ে থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

থানায়  অভিযোগ দেওয়ায় বাদীকে পিটিয়ে জখম

আড়াইহাজারে থানায় অভিযোগ দেওয়ায় চন্ডিবর্মণ নামের এক বাদীকে পিটিয়ে আহত করেছে আসামিপক্ষের লোকজন। বৃহস্পতিবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা মালুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত চন্ডিবর্মণ জানান, বুধবার আমার ঘর থেকে ৩০ হাজার টাকা চুরির ঘটনায় সন্দেহবশতঃ একই গ্রামের খোকন ও হূদয়কে আসামি করে থানায় একটি অভিযোগ দেন তিনি। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় মাদবর বসন্ত বাবু এর বিচারের ভার নেন। পরে বৃহস্পতিবার বিকালে বিচার বসলে বিচারের মধ্যেই বাদী চন্ডিবর্মণ ও তার স্ত্রী কল্পনা রানীকে পিটিয়ে জখম করে আসামি খোকন, হূদয় ও তাদের লোকজন। আড়াইহাজার থানার উপপরিদর্শক ফায়জুর রহমান জানান, চন্ডিবর্মণ থানায় আরো একটি অভিযোগ দিয়েছেন। আমরা ব্যবস্থা নিচ্ছি।