বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, যেকোনো সময় সরকারের পতন ঘণ্টা বেজে যাবে। ক্ষমতাসীন অবৈধ সরকারকে ভয় করার কিছু নেই। তাদের পায়ের তলে মাটি নেই। তারা দোদুল্যমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে তাদের ধাক্কা দিলেই পতন হবে। তাদের সঙ্গে কেউ নেই, পতন অনিবার্য।
গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব হোসেন বলেন, এই সরকার অবৈধ। পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাদের উচিত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করা।’ প্রধানমন্ত্রীর কাছে অপরাধীদের তালিকা আছে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের জবাবে খন্দকার মাহবুব বলেন, তালিকা রেখে লাভ নেই। আমরা দেখতে চাই কারা সেই অপরাধী।
ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আপনি বারবার ভালো ভালো কথা বলবেন আর চমক সৃষ্টি করবেন, সেই চমক সৃষ্টির দিন চলে গেছে। সত্ সাহস থাকলে সত্য প্রকাশ করুন।
আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র আইনজীবী বলেন, সংবিধানে হাইকোর্টকে যে অধিকার দেওয়া হয়েছে, সেখানে যদি আইনের শাসন না থাকে তাহলে সেই হাইকোর্ট থাকার অস্তিত্ব নেই। আমরা শপথ নিয়ে এসেছি, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে খালেদা জিয়াকে মুক্ত করব।
আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করা হয়।