গতকাল শুক্রবার দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘শত কোটি টাকার নকল ইলেকট্রনিকস পণ্য জব্দ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে মেসার্স মুনস্টার মার্কেটিং (প্রাঃ) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক ও ম্যাক্স ইলেক্ট্রো ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মো. বেলায়েত হোসেন।
এক প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, ‘আমি দীর্ঘদিন যাবত্ সরকারের সব আইন মেনে যথাযথ শুল্ক পরিশোধ করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছি। আমার ব্যবসায়িক সুনামে ঈর্ষান্বিত হয়ে কতিপয় তৃতীয় পক্ষের মিথ্যা তথ্যের ভিত্তিতে গত ২ অক্টোবর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত আমার প্রতিষ্ঠানে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানে তারা আমার প্রতিষ্ঠানের বৈধভাবে আমদানি করা সনি, স্যামসাং টিভিসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য ও প্রসাধনী সামগ্রীকে ‘অবৈধ ও নকল পণ্য’ বলে জব্দ করেছে। আমার প্রতিষ্ঠানের কর্মকর্তারা পণ্যগুলোর সপক্ষে বৈধ কাগজপত্র দেখাতে গেলে তারা কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি। পরবর্তীতে আদালতে আমার মালামালের সপক্ষে যাবতীয় দলিলপত্রাদি উপস্থাপন করলে আদালত আমার কারখানাটি খুলে দেওয়ার আদেশ প্রদান করেন।’
প্রতিবাদপত্রে তিনি জানান, ‘আমার প্রতিষ্ঠানের মজুত পণ্যের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে শত কোটি টাকার পণ্য, যা আদৌ সত্য নয়। অভিযানের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের আদালতে সোপর্দ না করে থানা হাজতে রেখে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চালানো হচ্ছে।’