আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে জানেন না ইমরান খান : ভারত মালয়েশিয়া ও তুরস্কের প্রতি কড়া প্রতিক্রিয়া

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানেন না কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হয়। গতকাল শুক্রবার এই অভিযোগ করলো ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করায় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে মন্ত্রণালয়। পাকিস্তানের পাশাপাশি মালয়েশিয়া এবং তুরস্কের দিকেও আঙুল তুলেছে ভারত। দেশ দু’টিও কাশ্মীর প্রসঙ্গ তুলেছে। সেই প্রসঙ্গে ভারত বলেছে, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তাদের মাথায় রাখা এবং এই ধরনের মন্তব্য থেকে দূরে থাকা উচিত। পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার বলেন, উনি উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রেখেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। আমার মনে হয় উনি জানেন না কিভাবে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে হয়। তিনি আরো বলেন, সবচেয়ে সিরিয়াস ব্যাপার হল উনি খোলাখুলি ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দিয়েছেন যা স্বাভাবিক নয়। -এনডিটিভি