টেকনাফে পাহাড়ি জনপদে গোলাগুলি, আহত ৩

কক্সবাজারের টেকনাফে গোলাগুলিতে ৩জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিম লেদায় চাঁদার দাবিতে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, শনিবার সকাল ১১টায় উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন পাহাড়ের পাদদেশে লেদা নুরালী পাড়ার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ নুরু ছালাম ডাকাত, মোঃ নুর ডাকাত, মকতুল হোছনের পুত্র নুরুল আমিন ডাকাত, আব্দু শুক্কুর প্রকাশ শুক্কুনুর পুত্র মোঃ ইসলাম ওরফে ধইল্যা ডাকাত, গ্রুপ এবং নুর আলীর পুত্র হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে নুরুল ইসলাম ডাকাত গ্রুপের গুলিতে স্থানীয় ফজু আহমদ বৈদ্যের পুত্র রবিউল আলম (৩০), মোঃ হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়।

তাদের দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠানো হয়। এদের মধ্যে রবিউল আলমের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল ইসলাম বলেন, লোক মারফতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: খালেদা জিয়ার মতো সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সমঝোতা হতে পারে না

স্থানীয় সূত্রের দাবি, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প কবরস্থানের ড্রেইন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২লাখ টাকা চাঁদা দাবি করে। তা দিতে অস্বীকায় করায় এই দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

ইত্তেফাক/নূহু