খালেদা জিয়ার মতো সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে সমঝোতা হতে পারে না

আপডেট : ০৫ অক্টোবর ২০১৯, ১৫:৫৬

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, 'খালেদা জিয়ার জামিনের জন্য আবেদনের রাজনৈতিক প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। কোন অপরাধীর সঙ্গে বা কোন সাজাপ্রাপ্ত ব্যক্তির সঙ্গে এই সরকারের কোন সমঝোতা হতে পারে না। তাহলে দেশের আইনের শাসন বিঘ্নিত হবে। আমরা কোন অপরাধীর সঙ্গে আপোষ করতে রাজি না।'

শনিবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোহনা মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি বলেছেন, 'অপরাধীকে সাজা ভোগ করতে হবে এবং সেটি আইনগত বিষয়, এ ব্যাপারে সরকার কোন হস্তক্ষেপ করবে না। দেশের ৪৮ বছরের ইতিহাসে এতিমের টাকা আত্মসাতের মামলা কোথাও হয়নি। একমাত্র বেগম খালেদা জিয়াই সেটি করেছেন।'

বিদ্যালয় কমিটির সভাপতি আব্দুল হামিদ শাহ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল উপজেলা চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম রওশন কবীর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহেদুল করিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম. আব্দুল লতিফ, পৌর মেয়র সবুজার সিদ্দিকী সাগর প্রমুখ। 

তিনি আরও বলেন, 'বেগম খালেদা জিয়া একজন সাবেক প্রধানমন্ত্রী। যিনি এতিমের টাকা আত্মসাতের মামলায় জেলখানায়। মানুষের ওপর আক্রমণ করলে এবং অর্থ আত্মসাত করলে কি হয় তা তিনি এখন টের পাচ্ছেন। মন্দির, মসজিদ ও এতিমের টাকা আত্মসাতের অপরাধের কোন ক্ষমা নেই। সেখানে প্রমাণীত হয়েছে খালেদা জিয়া আত্মসাতের চেষ্টা করেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও সেটি করেছেন। এটি আরও বেশি অপরাধ, এই অপরাধীদের সঙ্গে সরকারের কোন সমঝোতা হতে পারে না এবং কোন ধরণের অপরাধীদের সঙ্গে আমাদের কোন আপোষ নাই।'

আরও পড়ুন: চকরিয়ায় জমির বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

এরপর তিনি মঙ্গলপুর সিনিয়র আলিম মাদ্রাসার ৪ তলা ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন ও সমাবেশে বক্তব্য রাখেন তিনি।

ইত্তেফাক/নূহু